নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকারি অর্থ কোনোভাবেই দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করতে দেওয়া হবে না। সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে অবশ্যই জেলে যেতে হবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির কিংবা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। প্রতিটি প্রতিষ্ঠানকে সরকারি অর্থের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, ‘আপনাদের কাছে একটাই অনুরোধ—ওই চুরি, ওই যে দুর্নীতি আওয়ামী লীগ করেছে, টাকায় টাকা ভাগ করে খাওয়ার হিসাব। সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় যেতে হবে।’
অনুষ্ঠানে ২৬৭ জন অসহায় ও দুস্থ রোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার চেক এবং ১৯৪টি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব