স্টাফ রিপোর্টার: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা পোশাক ও ঘড়ি ভালোবাসেন- কথাটি সবারই জানা। সম্প্রতি তার ছোট ভাই অভিনেতা রুবেল তাকে অত্যন্ত দামি একটি ঘড়ি উপহার দিয়েছেন। চার দশক আগের এক পুরনো স্মৃতির কথা মনে রেখেই রুবেল তার বড় ভাইকে এই উপহার দেন।
ঘটনাটি প্রায় ৪০ বছর আগের। চিকিৎসার জন্য সোহেল রানা সিঙ্গাপুর যান। সাথে ছিলেন ছোট ভাই রুবেল, পরিচালক শহিদুল ইসলাম খোকন এবং অভিনেতা হুমায়ুন ফরীদি। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার যখন জানান তিনি সুস্থ আছেন, তখন আনন্দ মনে তারা হোটেলে ফিরে আসেন।
সেদিন বিকেলে সোহেল রানা ঘড়ি কিনতে বের হন। তার হাতে রাডো ব্র্যান্ডের ঘড়ি থাকা সত্ত্বেও আরেকটি দামি ঘড়ি কেনার ইচ্ছে হয়। দোকানে গিয়ে সবচেয়ে দামি ঘড়িটি দেখতে চাইলে সেটির দাম শুনে তিনি চমকে যান।
অত টাকা সাথে না থাকায় ঘড়িটি না কিনে কম দামি অন্য একটি ঘড়ি কেনেন। কিন্তু না কিনতে পারা ঘড়িটির কথা তিনি মন থেকে মুছতে পারেননি।
সময়ের সাথে সোহেল রানা সেই কথা ভুলেই গিয়েছিলেন। কিন্তু ছোট ভাই রুবেল বড় ভাইয়ের মনের সেই ইচ্ছেটি ঠিকই মনে রেখেছিলেন। প্রায় ৪০ বছর পর সোহেল রানার বাসায় গিয়ে রুবেল পরম ভালোবাসায় তার হাতে একটি নতুন ঘড়ি পরিয়ে দেন।
রুবেল জানান, ৪০ বছর আগে বড় ভাই যে ঘড়িটি পছন্দ করেছিলেন, তার বর্তমান দাম প্রায় এক থেকে দেড় কোটি টাকা। তত টাকা দিয়ে ঘড়ি কেনা সম্ভব না হলেও, বড় ভাইয়ের ইচ্ছে পূরণ করতে তিনি নিজের সামর্থ্যের সেরা ঘড়িটি উপহার এনেছেন।
ছোট ভাইয়ের এই ভালোবাসায় সোহেল রানা অনেক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসাই আসল। ভাইয়ের দেওয়া এই ঘড়িটি তিনি সারা জীবন হাতে পরে থাকবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব