নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আনন্দী এলাকার কয়েক শ’ শ্রমিক।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিসের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং জরুরি সেবাতেও বিঘ্ন ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবদী থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মহসিন কবির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, বিএনপি নেতা কাজী ওয়াসিমসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব