নরসিংদী প্রতিনিধি: বিদেশফেরত নারী ও অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি, নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে। কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (৩০ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে বিদেশফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় বিদেশফেরত নারী ও অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টরসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কার্যকর রেফারেল সেবা নিশ্চিত করা গেলে একজন বিদেশফেরত অভিবাসী পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান একজন সেবাগ্রহীতাকে বিভিন্ন ধরনের সেবা দিতে পারলে তিনি সমাজের মূল স্রোতে ফিরে আসার সুযোগ পাবেন। প্রয়োজনে স্কুলগামী শিশুদের সম্পৃক্ত করেও নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে আলোচনা এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, “দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বিদেশ যাই বা না যাই, দক্ষতা অর্জনের মাধ্যমে পথ তৈরি করতে পারলে সমাজের পরিবর্তন অনিবার্য।”
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার বলেন, যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বিদেশে গেলে ঝুঁকি কমে এবং সফলতার সম্ভাবনা বাড়ে। বিদেশফেরতদের পাশাপাশি বিদেশ যেতে আগ্রহীদেরও সঠিকভাবে নির্দেশনা দেওয়ার জন্য এ বিষয়ে কাজ করা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। জনগণকে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে রূপান্তর করা প্রয়োজন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সিলর মো. আব্দুল্লাহ আল মুকতাদির-এর সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. আরিফুল ইসলাম।
কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশফেরত অভিবাসী এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় Women Led Enterprise-এর আওতায় দুইজন নারীকে সহায়তার চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।
কর্মশালায় নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, অধিকার সুরক্ষা এবং তাঁদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, পুনরেকত্রীকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব