| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৮:২৪:১০:অপরাহ্ন  |  ১৩২ বার পঠিত
নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট)  নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দীন, জেলা পরিষদ নরসিংদীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা জেসমিন এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীরের প্রতিনিধি ডা. রিপা পাল। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা। 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নরসিংদী জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, জাতীয় পর্যায়ে নজরুলচর্চা ও নজরুলের সৃষ্টিকর্ম সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে ঐক্য ও সম্প্রীতি জোরদারের উদ্দেশ্যে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নজরুলসংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪