রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পূর্ববিরোধের জেরে বসতঘরে ঢুকে এক সাংবাদিকের মাকে লাঠি দিয়ে মারধর এবং তার বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় রাউজান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের করম আলী হাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী বানু আকতার (৫৫) রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদের মা। লিখিত অভিযোগে তিনি প্রতিবেশী মো. রুবেল, মো. রমজানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করেছেন।
অভিযোগে বানু আকতার বলেন, পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা গালিগালাজ করতে করতে মারধরের উদ্দেশ্যে তাদের বসতঘরে প্রবেশ করেন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মেয়ে সানজিদা আকতারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থানায় মামলা করলে প্রাণনাশ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ