| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৪টি বোয়িং কিনছে সরকার, এয়ারবাসও আসছে: বিমানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ২১:০২:৪০:অপরাহ্ন  |  ৩৬৪ বার পঠিত
১৪টি বোয়িং কিনছে সরকার, এয়ারবাসও আসছে: বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়াতে সরকার ১৪টি বোয়িং বিমান ক্রয় করছে। পাশাপাশি আরও কিছু বিমান লিজে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানিতে তৈরি এয়ারবাসও কেনা হচ্ছে।

সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্পের (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) একটি আবদার ছিল—তাদের বোয়িংগুলো যেন ব্যবহার করা হয়। আমরা সেগুলো কিনছি এবং ব্যবহার করছি। আমরা ১৪টি বোয়িং ক্রয় করছি এবং আরও কিছু বিমান লিজে নেওয়া হবে। পাশাপাশি ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানিতে তৈরি এয়ারবাসও কেনা হচ্ছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা সব দিক থেকেই সক্ষমতা বাড়াব।’

মন্ত্রী সতর্ক করে বলেন, ‘শেখ হাসিনা যেভাবে দেশ থেকে বিদায় নিয়েছেন, তা থেকে আমরা যদি শিক্ষা না নিই, তবে সবার পরিণতি খারাপ হবে। বিগত সময়ে যা ঘটেছে, আমরা কেউ কোনোভাবেই তার পুনরাবৃত্তি করতে চাই না।’

ময়মনসিংহ বিভাগকে সমন্বিত উন্নয়নের আওতায় এনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে গত দুই দশকে পিছিয়ে পড়া উন্নয়নকাজ অনেকটাই এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের পাশাপাশি দেশ ও জনগণের প্রতি বাড়তি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।

সভায় মন্ত্রীর বক্তব্যে উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়, প্রশাসনের জবাবদিহি, মাদক নিয়ন্ত্রণ, সারের সুষম বণ্টন, কর্মসংস্থান সৃষ্টি এবং ময়মনসিংহের দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।

এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪