| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অশালীন ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন শালিনী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২০:২২:৩০:অপরাহ্ন  |  ৪৪৭৮ বার পঠিত
অশালীন ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন শালিনী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা আলোচনা। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

শালিনী স্পষ্ট করে জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি নন বলেও নিশ্চিত করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘আমার একটি ভুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও বর্তমানে অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি বলতে চাই যে, ভিডিওটি ভুয়া এবং সেখানে যে মহিলাকে দেখানো হয়েছে, সেটা আমি নই।’

এআই প্রযুক্তির অপব্যবহার করে বিশেষ করে নারীদের টার্গেট করার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শালিনী। তার মতে, কাউকে হেয় করা, হয়রানি করা কিংবা ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন ব্যবহার কোনোভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া উচিত নয়।

অভিনেত্রী বলেন, মানুষকে নিশানা করে, বিশেষ করে নারীদের ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হয়রানি বা ক্ষতির জন্য প্রযুক্তির অপব্যবহারকে স্বাভাবিক করে না দেখার আহ্বানও জানান তিনি।

ভুয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যবহারকারীদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়েছেন শালিনী। কারও চোখে ভিডিওটি পড়লে সেটি যেন কোনোভাবেই শেয়ার, ফরোয়ার্ড কিংবা ডাউনলোড না করা হয়- এমন আহ্বান জানিয়েছেন তিনি।

বরং ভিডিওটি দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার অনুরোধ করেছেন অভিনেত্রী। তার মতে, সচেতন ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণই এ ধরনের ভুয়া কনটেন্টের বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শালিনী আরও বলেন, ভিডিওটির প্রতি কোনোভাবে আকৃষ্ট না হয়ে বরং এর প্রচার বন্ধে সবাইকে সহযোগিতা করতে হবে।

প্রযুক্তির উন্নতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তব মানুষের ছবি ও ভিডিও বিকৃত করার প্রবণতাও বিভিন্ন ক্ষেত্রে উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে নারী তারকাদের ছবি বা ভিডিও ব্যবহার করে ভুয়া ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগ প্রায়ই সামনে আসে।

শালিনী পাণ্ডেকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিওটিও সেই ধরনের অপব্যবহারের উদাহরণ বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের দক্ষিণী ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন শালিনী পাণ্ডে। ২০১৭ সালে সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বিজয় দেবরাকোন্ডার বিপরীতে প্রীতি শেঠি চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের নজরে আসেন তিনি।

এরপর ‘মহানটি’, ‘১১৮’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন শালিনী। তেলুগু, হিন্দি ও তামিল সিনেমায় কাজ করে নিজের অভিনয় ক্যারিয়ারও এগিয়ে নিয়েছেন তিনি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪