শরীয়তপুর প্রতিনিধি: স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রতন পোদ্দার (৫৫) নামে এক ব্যক্তির। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর স্টেডিয়ামের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রতন পোদ্দার শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শরীয়তপুর স্টেডিয়ামের সামনে একটি চলন্ত গাড়ি থামানোর চেষ্টা করছিলেন রতন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র এক মাস আগে রতন পোদ্দারের স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে দুই সন্তান এখন অভিভাবকহীন ও অসহায় হয়ে পড়েছে।
রতনের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/রাফিদ