| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে ব্রিজ থেকে নামার সময় ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৫:৪৩:৩৮:অপরাহ্ন  |  ২৬১ বার পঠিত
কালিহাতীতে ব্রিজ থেকে নামার সময় ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস আলী সকালে ঠেলাগাড়িতে লাকড়ি নিয়ে বিক্রির জন্য রতনগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ব্রিজের ঢালু অংশ দিয়ে নিচে নামার সময় হঠাৎ করে লাকড়িসহ ঠেলাগাড়িটি উল্টে যায়। এতে তিনি গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে কাজ থেমে আছে বলে জানা গেছে। ফলে বর্তমানে পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ ব্যবহার করেই ঠেলাগাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

তাদের দাবি, পুরোনো ব্রিজের ওই অংশটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। নতুন ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আলমাস আলী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাটি তদন্তে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪