| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনির আখড়ায় ব্যবসায়ীকে গুলি: আটক ব্যক্তি মহাখালীর মঞ্জুরুল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১১:০১:০২:পূর্বাহ্ন  |  ২৪১৬ বার পঠিত
শনির আখড়ায় ব্যবসায়ীকে গুলি: আটক ব্যক্তি মহাখালীর মঞ্জুরুল

ঢাকা প্রতিনিধি: রাজধানীর কদমতলী থানার শনির আখড়ায় মো. আসলাম খান (৪০) নামে এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলির ঘটনায় স্থানীয়দের হাতে আটক ব্যক্তি মহাখালী আইপিএইচ এলাকার বাসিন্দা মঞ্জুরুল ইসলাম মঞ্জু। প্রতিবেদকের অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে। মহাখালী এলাকার বাসিন্দারা মঞ্জুকে চিনতে পেরেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টার দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকীজ কুকারিজ’ নামক দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. আসলাম খানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে অভিযুক্ত মঞ্জুকে আটক করেছে।

গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা তখন দোকানের ভেতরেই কথা বলছিলাম। হঠাৎ করে এক অজ্ঞাত যুবক দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে দেয়।

মুহূর্তের মধ্যে আসলাম রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যায়। আসলামকে বাঁচাতে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরী বিভাগের তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, ওই দুর্বৃত্তের গুলিতে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি লাগে। এই ঘটনায় স্থানীয় জনগণ ওই দুর্বৃত্তকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে কি কারণে এই ঘটনা ঘটেছে বা পূর্ব শত্রুতা ছিল কিনা সে বিষয়টি এখনো জানতে পারিনি। আমি আসলামকে হাসপাতালে নিয়ে এসেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।

ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, শনির আখড়া এলাকায় গুলির ঘটনায় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম মনজুরুল ইসলাম নামে জানতে পেরেছি। তবে কি উদ্দেশ্যে গুলি করা হয়েছে সে বিষয় জানা যায়নি।

অনুসন্ধানে মহাখালীর এক বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায়, মঞ্জুরুল একজন পেশাদার অপরাধী। কয়েকমাস আগে সে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে কোপানোর ঘটনা ঘটায়। কিন্তু রহস্যজনক কারণে ঘটনাটি ধামাচাপা রয়ে যায়। বনানী থানা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 

এর আগে সাততলা বস্তিতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মঞ্জুকে কুপিয়েছিল তার প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে শনির আখড়ায় ব্যবসায়ীকে গুলির ঘটনা মঞ্জু মোটা অংকের টাকা নিয়ে চুক্তিতে করেছেন। 

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪