রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে বিলের দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার দর্শনার্থী। নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এতে বিভিন্ন এলাকা থেকে আসা ছয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লারা জারি, সারি ও লোকগান গেয়ে প্রতিযোগিতায় অংশ নেন।
নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। নৌকার ছুটে চলা আর মাঝি-মাল্লাদের গান-উল্লাসে মুখর হয়ে ওঠে বিলের চারপাশ। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা নৌকায় ও বিলের পাড়ে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের ‘বাংলার দুলদুল’ নৌকা প্রথম স্থান অর্জন করে। জামালপুর ইউনিয়নের ‘আব্দুল মান্নানের নৌকা’ দ্বিতীয় এবং রাসেল ফকিরের নৌকা তৃতীয় স্থান লাভ করে।
পরে বিজয়ী নৌকার মাঝিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকারী নৌকার মাঝিদের একটি ফ্রিজ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকার মাঝিদের টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন হারিয়ে যেতে বসেছে। এখানে এসে এবং বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দেখে তাঁর ভালো লেগেছে। জেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/রাফিদ