ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ৮০টি ইয়াবা বড়িসহ সিরাজুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বেলা সাড়ে দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম সদর উপজেলার তেঁতুলিয়া কাচনা গ্রামের মৃত ছলিফ উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে দুইটার দিকে তেঁতুলিয়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় তরিকুল ইসলামের বাড়ির প্রায় ১০০ গজ পশ্চিমে ঢোলইগামী কাঁচা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিরাজুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম