বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরে জন্মদিনের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে হানিট্র্যাপ ও পিস্তল ঠেকিয়ে টাকা দাবির ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বন্ধুর স্ত্রীর ডাকে সাড়া দিয়ে দুদফা হামলার শিকার হন বলেও উল্লেখ করেছেন ভুক্তভোগী যুবক। তার দাবি, বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জড়িতরা।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী। এরআগে, মঙ্গলবার শহরের জহুরুল নগর এলাকার একটি বাড়িতে হানিট্র্যাপ ও মারপিটের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে গোলাম রব্বানী (২৬), তার বন্ধু কাহালু উপজেলার বীরকেদার এলাকার সোবহান আলীর ছেলে আল আমিন (৩২)।
অভিযোগ সূত্রে জানা গেছে, জহুরুল নগর মহল্লার রনি, তুহিন ও হিরা নামের তিনজন যুবকের সঙ্গে দুপচাঁচিয়ার গোলাম রব্বানীর বন্ধুত্ব ছিল। সম্প্রতি বন্ধু রনির স্ত্রী মোবাইল ফোনে জন্মদিন অনুষ্ঠানের দাওয়াত দেয়।
গত মঙ্গলবার আরেক বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে বন্ধু বাড়িতে যায় গোলাম রব্বানী। জন্মদিনের আয়োজনে ছিল ইয়াবা ট্যাবলেট ও মদ। সেখানে আরও কয়েকজন যুবক উপস্থিত হয়। তাদেরকে জোরপূর্বক মাদক সেবন করানোর চেষ্টা করে। দুই যুবককে মারপিট করে পিস্তল ও ধারালো চাকু ঠেকিয়ে ঘরবন্দি রাখা হয়। তাদের কাছে ৫ লাখ টাকা দাবি করে জড়িতরা। দুদফা মারপিটের পর তাদের সামনে ইয়াবা, মদ, পিস্তল ও চাকু রেখে ভিডিও ধারন করে। সাড়ে তিন লাখ টাকা আদায় করে দুজনকে ছেড়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, বুধবার রাতে লিখিত অভিযোগ হয়েছে। আমার সঙ্গে এখন পর্যন্ত বাদীপক্ষের সরাসরি দেখা হয়নি। ঘটনা সত্য হলে মামলা রেকর্ড করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম