| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ২২:০১:০১:অপরাহ্ন  |  ২৯১ বার পঠিত
বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের সিরাত সেমিনার অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এনডিএফ বগুড়ার সভাপতি ও বিশিষ্ট সার্জন অধ্যাপক ডা. সলিমুল্লাহ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। প্রধান আলোচক ছিলেন ইসলামি স্কলার অধ্যাপক নজরুল ইসলাম।

সেমিনারে এনডিএফ বগুড়ার উপদেষ্টা আ.স.ম. আব্দুল মালেক, এনডিএফের কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী মহানগরীর মেয়র প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সহসভাপতি ডা. লিয়াকত আলী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পাবনা মানসিক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা সরকার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, ‘আমরা রাসুলের (সা.) উম্মত হিসেবে নিজেদের দাবি করি। তাই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য রাসুল (সা.)-এর দৈনন্দিন জীবনধারা অনুসরণ করা উচিত। এতে নানা রোগবালাই থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি উৎপাদনশীল জীবন গঠন ও পরিচালনা করা সম্ভব।’

তিনি চিকিৎসকদের রাসুল (সা.)-এর আদর্শ ধারণ করার পাশাপাশি বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রধান আলোচক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নবীদের দায়িত্ব ছিল সমাজ ও রাষ্ট্রে ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠা করা। তাঁরা মানুষের জন্য মানদণ্ড। এ কারণে তাঁরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। রাসুল (সা.) তাঁর সমগ্র জীবন দিয়ে মানুষের জন্য সর্বাধিক অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। চিকিৎসক ও বিশ্বাসী হিসেবে মানুষের কল্যাণের দিকে আহ্বান জানানোও আমাদের দায়িত্ব।

বার্ন ও প্লাস্টিক সার্জন ডা. রওনক হাসানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন এনডিএফ বগুড়ার সহসভাপতি ও ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ।

এ সময় এনডিএফ বগুড়ার উপদেষ্টা ডা. মুশিহুর রহমান, উপদেষ্টা ডা. মুসা আল মনসুর, সহসভাপতি ডা. মাহবুব রহমান সরকার, সহসভাপতি ডা. মো. ছাইদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম এবং এনডিএফ বগুড়ার সেক্রেটারি ডা. মাহফুজুল হক মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪