কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে সাহিত্য, সংগীত এবং প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় কালাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র অডিটরিয়ামে লোকসংস্কৃতি পরিষদ, কালাই, জয়পুরহাটের আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকৃতি-পরিবেশ-জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন ও গবেষণায় অবদানের জন্য আক্কেলপুর উপজেলার রতন মন্ডল, সাহিত্যে জয়পুরহাট সদরের মনজুর মুকাদ্দাস এবং সংগীতে কালাই উপজেলার চৌধুরী মনজুর রাহীকে সম্মাননা প্রদান করা হয়।
লোক সংস্কৃতি পরিষদ এর সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক।
প্রধান আলোচক অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক বলেন একটি সমাজের মনন, মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় পর্যায়ে শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তি ও সংগঠনগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়া হলে নতুন প্রজন্ম সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আব্দুল মজিদ বলেন প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এইদিনে জেলার নতুন পুরাতন সকল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের উৎসাহ দিতে আমাদের এ ধরনের গুণীজন সম্মাননা অব্যাহত থাকবে।
বাচিক শিল্পী শাহ নেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লোক সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সংগীত শিল্পী সাজিয়া ইসলাম পায়েল। এছাড়াও বক্তব্য দেন লেখক ও নাট্যজন এনামুল হক টপি, ছড়াকার মুস্তফা আনসারী, লেখক-শিক্ষাবিদ যতন কুমার দেবনাথ।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতার এর গীতিকার ও সংগীতশিল্পী মশিউল আজম মন্টু চৌধুরী, গানবাজনা সংগঠনের প্রতিষ্ঠাতা গীতিকার ও সুরকার তানজির আহমেদ সাকিব, সাংবাদিক ও সংগঠক আজিজার রহমান, ফিচার লেখক ও বিনোদন রিপোর্টার আব্দুন নুর নাহিদ,লোক সংস্কৃতি পরিষদের প্রচার সম্পাদক আরমান হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম