দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারে দল বদলে বিএনপির খাতায় নাম লিখিয়েও শেষ রক্ষা হলো না কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও ইউপি সদস্য মো. আলম হাজারীর (৪৫)। গত শুক্রবার গভীর রাতে দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। আলম হাজারী ওই গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। তিনি স্থানীয় বড়শালঘর ইউনিয়ন পরিষদ সদস্যের পাশাপাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর গত ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছিলেন আলম হাজারী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিএনপিতে যোগ দেওয়ার পর প্রকাশ্যে এলাকায় স্বাভাবিক চলাফেরা করলেও গোপনে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তিনি। সম্প্রতি শেখ হাসিনার প্রত্যাবর্তন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে ভেতরে ভেতরে তৎপর হয়ে ওঠেন তিনি। সবশেষ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশজুড়ে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল ও বিক্ষোভ হয়, তাতে আলম হাজারীর সরাসরি ইন্ধন ও অর্থায়নের অভিযোগ ওঠে।
উল্লেখ্য, এর আগে তাঁর ভাগ্নে ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দিয়ে আওয়ামী লীগের মিছিল করিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে গ্রেফতার হয়েছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোপন এজেন্ডা বাস্তবায়নে আলম হাজারী সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব