শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে বিজিবি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব ভারতীয় ঔষধ জব্দ করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, রবিবার ভোর পাঁচটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করে। এসময় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে এসব ঔষধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় ঔষধের মূল্য আনুমানিক প্রায় পাঁচ লক্ষাধিক টাকা।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজীদ জানান, চোরাচালান বন্ধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব