| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

শিল্পে আজ থেকে আগের মতো গ্যাস সরবরাহ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১১:১৮:০৪:পূর্বাহ্ন  |  ৬৩২৬০ বার পঠিত
শিল্পে আজ থেকে আগের মতো গ্যাস সরবরাহ

স্টাফ রিপোর্টার: সরকারের ‘জ্বালানি পরিকল্পনা’ বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিল্প-কারখানায় আজ মঙ্গলবার থেকে আগের মতো গ্যাস সরবরাহ হবে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়ে  বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের কাছে সহযোগিতা চেয়েছেন। দেশে অস্থিতিশীলতা না করে সরকার তার মেয়াদে যাতে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায়, সে জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’ প্রধানমন্ত্রী জানান, শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ মঙ্গলবারের মধ্যে আগের অবস্থার মতো ফিরবে। ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারি।

‘প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার একটি নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে। এই পরিকল্পনার বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।

তিন ঘণ্টার এই মতবিনিময় অনুষ্ঠানে জ্বালানি সংকট, সংকট উত্তরণে গৃহীত পদক্ষেপ, সরকারের ঘোষিত দশ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা এবং করণীয় বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়। ব্যবসায়ী ও গণমাধ্যমের ব্যক্তিরা জ্বালানি সংকট উত্তরণে তাঁদের মতামত ব্যক্ত করেন।

মতবিনিময়সভায় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি প্রতিবেদন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থাপন করেন।

উপ-প্রেস সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা। এই সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করেছে এবং এখন সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।’ দেশের বর্তমান গ্যাসসংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে।

এর প্রভাব পড়েছে শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতে। তবে দুর্ঘটনাজনিত সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে। আশা করছি, ইনশাআল্লাহ গ্যাসের সরবরাহ এক-দেড় মাস আগে যে অবস্থায় ছিল, সে রকম একটা অবস্থায় ফিরে আসবে।’

উপ-প্রেস সচিব বলেন, ‘ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগের কথা মতবিনিময়সভায় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। তিনি বলেছেন, জিটুজি ভিত্তিতে গত এক মাসে আরেকটি টার্মিনাল স্থাপনের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে।’

সরকার আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

উপ-প্রেস সচিব বলেন, ‘ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ব্যবসা ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হলে তার সামগ্রিক প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়ে। ফলে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান শুধু ব্যবসায়ীদের স্বার্থের বিষয় নয়; এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পর্কিত।’ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, জ্বালানি সচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

মতবিনিময়সভায় এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে কল-কারখানাগুলোয় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আগামীকাল (আজ) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব।’

ফজলুল হক বলেন, ‘এইটা আমাদের মনে হয় আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।’

গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে : পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় মোট গ্যাস সরবরাহ ছিল প্রায় দুই হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। রবিবার একই সময় তা বেড়ে প্রায় দুই হাজার ৩৬০ এমএমসিএফডিতে পৌঁছায়।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪