| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: এটিএম আজহার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১৫:৩৯:১১:অপরাহ্ন  |  ৭৪৯ বার পঠিত
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: এটিএম আজহার

বগুড়া প্রতিনিধি: গণভোটের রায় অস্বীকার করে বিএনপি স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না।

বুধবার দুপুর ১২টায় বগুড়ার একটি মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে দ্রুত রায় কার্যকর, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সরকারের সমালোচনা

এটিএম আজহারুল ইসলাম সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন-হাদিসের পরিপন্থী আইন পাস করে সরকার জনরোষের মুখে পড়েছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে সরকার কোরআন-হাদিসবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়েছিল। মদিনার ইসলাম কায়েমের কথা বলে ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধেই প্রথম আইন পাস করেছে। এটিই ধর্ম নিয়ে রাজনীতি করা।

তিনি আরও বলেন, সরকারকে ইসলামিক ফাউন্ডেশন, দেশের হক্কানি আলেম-ওলামা ও ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আইন পাসের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সরকার তা উপেক্ষা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলেও নিজের মন্ত্রণালয়ের দিকে ভ্রুক্ষেপ করেন না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন।

যেসব দাবি জানানো হয়েছে

প্রেস ব্রিফিংয়ে এটিএম আজহারুল ইসলাম সরকারের প্রতি গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের সংকট নিরসন, কৃষি খাতে সারের সরবরাহ নিশ্চিত করা, বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের নাগালের মধ্যে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধের দাবি জানান তিনি।

১৯ সেপ্টেম্বর বগুড়ায় সমাবেশ

এটিএম আজহারুল ইসলাম জানান, ঢাকা থেকে রংপুরগামী ১১ দলীয় জোটের লংমার্চ ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বগুড়ার মাটিডালী বিমানমোড়ে সমাবেশে মিলিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এলডিপির সভাপতি সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের স্বার্থে এ লংমার্চ নয়; জনগণের ন্যায্য দাবি আদায় ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে এ কর্মসূচি নেওয়া হয়েছে। লংমার্চ সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিতি

বগুড়া মহানগরী জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক আব্দুল হালিম বেগ।

এ ছাড়া বগুড়া মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক মুন্সি আব্দুল বাসেদ, খেলাফত মজলিসের বগুড়া জেলা নেতৃবৃন্দ, এলডিপির সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার এসএম এ মাহমুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাহফুজুল হকসহ ১১ দলীয় জোটের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪