| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উৎপাদনে ফিরছে স্বস্তি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ২১:২১:৩৪:অপরাহ্ন  |  ১০৬৫ বার পঠিত
গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উৎপাদনে ফিরছে স্বস্তি

গাজীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক নির্দেশনার পর গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। দীর্ঘদিন ধরে চলা গ্যাসের স্বল্পচাপ ও বিদ্যুৎ বিভ্রাট হ্রাস পাওয়ায় জেলার মহানগরসহ বিভিন্ন শিল্প এলাকার কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে কাঙ্ক্ষিত স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্থানীয় শিল্প সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুরের শিল্প এলাকাগুলোতে মারাত্মকভাবে গ্যাসের স্বল্পচাপ এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পোশাক ও টেক্সটাইল খাতের উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছিল। এতে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন শিল্প মালিকেরা। সরকারের সাম্প্রতিক উদ্যোগে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে।

সংশ্লিষ্ট তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের তৈরি পোশাক, টেক্সটাইল, ডায়িং ও স্পিনিংসহ বিভিন্ন শিল্পকারখানায় প্রতিদিন গ্যাসের সর্বমোট চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। ইতিপূর্বে এ অঞ্চলে গ্যাস সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে প্রতিদিন প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছিল। 

তবে সরকারের সাম্প্রতিক কার্যকর পদক্ষেপে বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিং উল্লেখযোগ্য হারে কমে আসায় সার্বিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল রূপ নিয়েছে।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের এই সার্বিক উন্নতি সরেজমিনে প্রত্যক্ষ করতে বুধবার গাজীপুর জেলা প্রশাসক মো: নুরুল করিম ভূঁইয়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সরবরাহ কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, পল্লী বিদ্যুতের জয়দেবপুর গ্রিড এবং তিতাসের আঞ্চলিক বিপণন কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিল্প মালিকদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো: নুরুল করিম ভূঁইয়া জানান, জাতীয় অর্থনীতির স্বার্থে শিল্প খাতের উৎপাদন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

তিনি আরো বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর সাথে নিরবচ্ছিন্ন সমন্বয় বজায় রাখা হবে। এছাড়া শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সার্বক্ষণিক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছে।

এদিকে সরকারের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিল্প মালিকরা। তারা এই ইতিবাচক পরিস্থিতির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও পূর্ণাঙ্গ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান।

কারখানা মালিকদের মতে, সরবরাহের এই স্বাভাবিকতা বজায় থাকলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ সম্ভব হবে। উৎপাদন ব্যয় কমবে এবং বৈশ্বিক বাজারে দেশীয় শিল্পখাতের ক্ষতি উল্লেখযোগ্যভাবে রোধ করা যাবে।

গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। তৈরি পোশাক, ডায়িং, স্পিনিং, টেক্সটাইলসহ বিভিন্ন খাতের বিপুলসংখ্যক শিল্পকারখানা এ জেলায় অবস্থিত। এসব শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সার্বক্ষণিক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছে জেলা প্রশাসন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪