টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার আশায় স্বপ্ন বুনছেন তারা। অনুকূল আবহাওয়া থাকলে এবার আগাম সবজি চাষে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা।
টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুরের পাহাড়ি অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি এখন সবুজে সবুজে ভরে উঠতে শুরু করেছে। সারি সারি বিভিন্ন জাতের শাক-সবজিতে শোভা পাচ্ছে মাঠ। শীতের আগমনের আগেই বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, গাজর, শালগম, লালশাক ও পালংশাকসহ বিভিন্ন শীতকালীন সবজির চাষ।
কৃষকরা জানান, আগাম সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যায়। তাই অধিক ফলন ও রোগবালাই দমনে দিনরাত পরিশ্রম করছেন তারা। কেউ ব্যস্ত নতুন চারা রোপণে, আবার কেউ ক্ষেত পরিচর্যায়।
সরেজমিনে মধুপুর উপজেলার দড়ি হাসিল গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক রায়হান কাজী ফুলকপির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। তার ৭০ শতাংশ জমিতে সারি সারি ক্যাপটেন ও উইনার জাতের ফুলকপির চারা বেড়ে উঠছে। ক্ষেত পরিদর্শন করে রোগবালাই দমনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
কৃষক রায়হান কাজী বলেন, ১৫ থেকে ২০ দিন আগে ৭০ শতাংশ জমিতে ক্যাপটেন ও উইনার জাতের ১৬ হাজার ফুলকপির চারা রোপণ করেছেন তিনি। এ পর্যন্ত খরচ হয়েছে এক লাখ টাকার কিছু বেশি। আরও প্রায় দুই মাস পর কপি বিক্রি করতে পারবেন। ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে খরচ বাদে দুই থেকে তিন লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, এক মাস আগে ৪০ শতাংশ জমিতে শিম ও লাউ চাষ করেছেন। গাছগুলো ভালো হয়েছে এবং কিছু গাছে ফুল আসতে শুরু করেছে। এবার ভালো ফলনের আশা করছেন তিনি। ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পারলে লাভবান হবেন বলে জানান এই কৃষক।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোয়েব মাহমুদ বলেন, চলতি বছর টাঙ্গাইল জেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২২০ মেট্রিক টন।
তিনি বলেন, কিছু কিছু এলাকায় অধিক লাভের আশায় কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। আগামী মাস থেকে জেলার কৃষকরা শীতকালীন সবজি চাষে আরও ব্যস্ত হয়ে পড়বেন। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষকরাও লাভবান হবেন।
রিপোর্টার্স২৪/রাফিদ