স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে করেছিলেন মাত্র ৪ রান। দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়লেন ট্রাভিস হেড। ৭৫ বলে সেঞ্চুরি করে এই প্রতিপক্ষের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্রুততম ওয়ানডে শতকের মালিক এখন এই বাঁহাতি ওপেনার।
হারারেতে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ বলে ১১২ রানের ইনিংস খেলেন হেড। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন হেড। প্রথম বলেই ব্র্যাড ইভান্সকে চার মেরে রানের খাতা খোলেন। এরপর ব্লেসিং মুজারাবানিকে ছক্কা হাঁকান।
একই পেসারের এক ওভারে মারেন তিনটি চারও। ১২তম ওভারে সিকান্দার রাজাকে বাউন্ডারি মেরে মাত্র ৩২ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।
ফিফটির পর কিছুটা ধীর হয়ে যায় হেডের ব্যাট। পরের ৫০ রান করতে খেলেন আরও ৪৩ বল। তাতেই ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে গড়েন নতুন রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে আগের দ্রুততম শতক ছিল ম্যাট রেনশর। তিনি ৮৬ বলে এই কীর্তি গড়েছিলেন।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি হেড। ২৮তম ওভারে ওয়েসলি মাধেভেরের বলে কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
হেডের ১১২ রানের সঙ্গে কুপার কনোলির ৭৮ ও মিচেল মার্শের ৫৩ রানে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান করেছে অস্ট্রেলিয়া।
রিপোর্টার্স২৪/ধ্রুব