| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া আসছেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ২০:৩৪:২৯:অপরাহ্ন  |  ২২৯ বার পঠিত
বগুড়া আসছেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

বগুড়া প্রতিনিধি: শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর মহাসড়ক অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল। বিকেল ৩টায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে সমাবেশে ভাষণ দেবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি। 

কর্মসূচিতে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ আমির মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা। লংমার্চের পথসভায় জনতরঙ্গের আভাস দিয়েছে ১১ দলীয় ঐক্যের বগুড়া জেলা ও মহানগর কর্মসূচি বাস্তবায়ন কমিটি। ইতোমধ্যে আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। 

মাটিডালি বিমান মোড়ে সমাবেশে দেড় লক্ষাধিক মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি ও দলের আগাম মনোনীত সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সকল শ্রেণি-পেশার জনগণকে লংমার্চের পাশাপাশি সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গতকাল শুক্রবারও গণসংযোগ করা হয়েছে। 

প্রচারণা চালাচ্ছেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়ার সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম আকন্দ, এনসিপি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির জেলা সভাপতি মাহফুজুল হক, সাধারণ সম্পাদক শাফিকুর রহমান শফি, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়ার সেক্রেটারি মুফতি মাওলানা মামুন রহমানী। কর্মসূচি সফল করতে দায়িত্বশীল ইউনিটের নেতাদের সঙ্গে সর্বশেষ প্রস্তুতি সভা করেছে ১১ দল। 

জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, দ্রুত রায় কার্যকর, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সবখানে দলীয়করণ বন্ধ, স্বৈরাচারী ব্যবস্থার অবসান, দুর্নীতি প্রতিরোধ, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধসহ নানা দাবিতে রাজপথে আন্দোলন করছে ১১ দলীয় ঐক্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪