শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান (কিরণ)। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিনী ফারহানা কাদির রহমান ও কন্যা ডাঃ সাফা শারারা রাহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. সফিকুর রহমান কিরণ এমপি বলেন, বিএনপি সবসময় জনগণের মৌলিক অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করে। নড়িয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক স্বাস্থ্যসেবা। তাই হাসপাতালটি চালু হওয়ায় এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে। বিএনপি জনগণের পাশে থেকে স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবার মানোন্নয়নে কাজ করে যাবে। এ অঞ্চলের মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। হাসপাতালটি চালু হওয়ায় নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় তিন লাখ মানুষ উন্নততর সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, দীর্ঘদিন ধরে নড়িয়া উপজেলার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। ৫০ শয্যার এই হাসপাতাল চালু হওয়ায় স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং গুরুতর রোগীদের দূরের হাসপাতালে নেওয়ার চাপও কমবে বলে তারা মনে করছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব