| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডিসিকে জামায়াতের স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৯:৩২:০৯:অপরাহ্ন  |  ৪৪৯ বার পঠিত
নারায়ণগঞ্জে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডিসিকে জামায়াতের স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং জনদুর্ভোগ নিরসনে মূল্য পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে নগরীর মিশনপাড়া এলাকা থেকে মহানগর জামায়াতের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাষাঢ়াসহ শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ আর্থিক সংকটে পড়েছেন। এর প্রভাবে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের পরিবহনের ভাড়া বাড়ার পাশাপাশি কৃষি উৎপাদন, পণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।

জনদুর্ভোগ কমাতে স্মারকলিপিতে জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনগণের সামর্থ্যের মধ্যে মূল্য নির্ধারণের দাবি জানানো হয়। একই সঙ্গে মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, পরিবহন খাত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটিং ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধে কঠোর মনিটরিং এবং জ্বালানি খাতে অপচয়, অনিয়ম ও দুর্নীতি রোধ করে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমানোর দাবি জানানো হয়।

স্মারকলিপিতে সাধারণ মানুষের বর্তমান আর্থিক দুরবস্থা ও কষ্ট বিবেচনা করে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসাইন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় নেতারা।

রিপোটার্স২৪/আরাফাত

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪