| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী রাজউক অনেক পরিবর্তনশীল হবে: গৃহায়ণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ১৮:৩১:১১:অপরাহ্ন  |  ৩৯৭ বার পঠিত
আগামী রাজউক অনেক পরিবর্তনশীল হবে: গৃহায়ণমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে রাজউকের কার্যক্রম আরও পরিবর্তনশীল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী।

রাজউকের দুর্নীতির প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, ‘ইতোমধ্যে আমাদের সরকার আসার পরে রাজউকের যে একটি বড় সীমানা ছিল, সেই তুলনায় এত জনবল ছিল না। যার জন্য নতুন করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। যেন স্থানীয়রা আরও বেশি সেবা পেতে পারে। মানুষকে সেবা দিতে গেলে জনবল লাগবে।’

তিনি বলেন, ‘রাজউকের যে বিষয়গুলো আপনারা শুনছেন, এই সরকার আসার পরেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। রাজউকে আগে ফ্ল্যাট বিক্রি হলে বা হস্তান্তর করতে মেইন ক্লিয়ারেন্স লাগত। এখন সেটি লাগে না। একবার যদি আপনার নামে মিউটেশন হয়ে যায়, তাহলে আর যেতে হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রচুর পরিমাণে ডিজিটালে যাচ্ছি। এবং চেষ্টা করছি যেন যেকোনো পরিকল্পনা ২৪ দিনের মধ্যে পাস হয়। আমরা আপনাদের এতটুকু আশা দিতে পারি যে আগের রাজউকের থেকে আগামী রাজউক অনেক পরিবর্তনশীল হবে।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই সরকারের সময় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আইন পাস হয়। সেটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। রাজউক ও এনডিএ এই সরকারের অংশ। সুতরাং জনগণের সুবিধার জন্য যা করা প্রয়োজন, তাই করা হবে।’

জাকারিয়া তাহের সুমন বলেন, ‘এনডিএ যে কর্তৃপক্ষ তৈরি হলো, এটি গণপূর্ত থেকেই হলো। এবং এটি নারায়ণগঞ্জবাসীর জন্যই করা হয়েছে। যেন নারায়ণগঞ্জবাসী আরও বেশি সেবা পায়। একই সঙ্গে যেন একটি পরিকল্পিত নগর তৈরি করতে পারি।

তিনি জানান, রাজউকের মাস্টার প্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য এনডিএ বিশেষ পরিকল্পনা করবে। সেই পরিকল্পনা অনুযায়ী নগর উন্নয়নের কাজ করা হবে। এনডিএ ইতোমধ্যে একটি সীমানা তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, সেটি আরও বাড়ানো যায় কি না, তা যাচাই করা হচ্ছে। ফতুল্লা ও সোনারগাঁসহ অন্যান্য এলাকাও যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘সরকার এসবকিছু চিন্তাভাবনা করেই করেছে। এই সিদ্ধান্ত গত সরকারের আমলে হয়েছে। যেকোনো প্রকল্প হতে সময় লাগে। এটি গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সিদ্ধান্ত হয়েছিল। এনডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, দেখছি কী করা যায়।

তিনি জানান, নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য আরও বেশি সেবা নিশ্চিত করাই এনডিএ উদ্দেশ্য।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, তিন আসনের আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ প্রমুখ।

রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪