বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার মাটিডালী বিমানমোড় এলাকায় মহাসড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি ইয়াবা বহন করছেন। এর পরিপ্রেক্ষিতে সিপিএসসি বগুড়ার একটি দল মাটিডালী বিমানমোড়ের করতোয়া পাম্পসংলগ্ন মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ওই বাসে তল্লাশি চালিয়ে ফরহাদ হোসেনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের হারেজ আলীর ছেলে। এসআরবি-১২ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে ও উদ্ধার করা মাদকসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি।
রিপোটার্স২৪/আরাফাত