| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজ স্কুলছাত্র, বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৩:২৭:৫৮:অপরাহ্ন  |  ১৩৫ বার পঠিত
নিখোঁজ স্কুলছাত্র, বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

চাঁদপুর প্রতিনিধিচাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩) -কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

রাতুল ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখা যায়। বিষয়টি পরিবারের নজরে এলে তাদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। সম্প্রতি কুমিল্লায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের মধ্যে আতঙ্কও তৈরি হয়।

পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল কাজ শুরু করে।

পুলিশ জানায়, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্তকৃত অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যেকোনো বিপদে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোটার্স২৪/আরাফাত



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪