| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, স্বজনদের দাবি নির্যাতনে হত্যা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৮:১৪:৪৮:অপরাহ্ন  |  ৮৭ বার পঠিত
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, স্বজনদের দাবি নির্যাতনে হত্যা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে রুমানা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়,দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ রুমানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রুমানা বেগম জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের ইউনুছ হাওলাদারের মেয়ে। প্রায় ১৫ বছর আগে হোগলাবুনিয়া ইউনিয়নের গোদাড়া গ্রামের জয়নাল খানের ছেলে ভ্যানচালক রহমান খানের সঙ্গে তার বিয়ে হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই রুমানাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও পারিবারিক কলহের স্থায়ী সমাধান হয়নি।

স্বজনদের ভাষ্য, বুধবার সকালে স্বামীর বাড়িতে রুমানা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বামী রহমান খান তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

হাসপাতালে খবর পেয়ে রুমানার স্বজনরা ছুটে আসেন। এ সময় কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।

রুমানার বাবা ইউনুছ হাওলাদার, বড় ভাইয়ের স্ত্রী রাবেয়া বেগম, ছোট বোন রাবেয়া আক্তার ও ইয়াসিন হাওলাদার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই রুমানার ওপর নির্যাতন করা হতো। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাদের দাবি, রুমানাকে গলাটিপে ও মারধর করে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত রুমানার ৪ বছরের ছেলে রায়হান ও ১৩ বছরের মেয়ে হালিমা ইয়াসমিন রুকাইয়া রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়া হক বলেন, রুমানাকে মৃত অবস্থায় তার স্বামীসহ আরও দুজন হাসপাতালে নিয়ে আসেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, গোদাড়া গ্রামে গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রহমান খানকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪