| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৯:৩২:৪৯:অপরাহ্ন  |  ১১৫ বার পঠিত
প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: আবারও প্যারিসের মঞ্চে হাঁটতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে বসছে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শো।

সেখানেই আন্তর্জাতিক তারকাদের সঙ্গে রানওয়েতে দেখা যাবে এই বলিউড সুন্দরীকে।

আইফেল টাওয়ারকে পেছনে রেখে প্লাস জফ্রে-তে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ অর্থাৎ নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশের ভাবনাকে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য করা হয়েছে।

ল’রিয়াল প্যারিসের এই আয়োজনে ঐশ্বরিয়ার উপস্থিতি অবশ্য নতুন নয়।

প্রতি বছরই তার পোশাক, সাজ ও রানওয়ে উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। ফলে এবার কী সাজে তাকে দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।

২০২৪ সালের আয়োজনে লাল রঙের জমকালো গাউনে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন ঐশ্বরিয়া। গাউনটির নিচের অংশ ছিল বড় ও বেলুনের মতো আকৃতির।

সঙ্গে ছিল ঘন ভলিউমের চুলের সাজ ও গাঢ় লাল লিপস্টিক। রানওয়েতে হাঁটার পর তার ‘নমস্তে’ ভঙ্গিও বিশেষভাবে নজর কেড়েছিল। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে ঐশ্বরিয়ার সেই ভারতীয় আবহ প্রশংসা কুড়িয়েছিল।

পরের বছর অবশ্য একেবারে ভিন্ন সাজে দেখা যায় তাকে। গাউনের বদলে মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানি পরেছিলেন অভিনেত্রী।

এতে ছিল অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ ও পেছনে স্ক্যালপড হীরার নকশা।

তাই গত দুই বছরের ভিন্নধর্মী সাজের পর এবার ঐশ্বরিয়া কী পরেন, সেটিই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের পটভূমিতে রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া। এখন অপেক্ষা, নতুন সাজে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে এবার কী চমক নিয়ে হাজির হন তিনি।

ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ঐশ্বরিয়ার। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় তারকাদের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এবারের রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকবেন হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল ও আজা নাওমি কিং। আরও থাকছেন বেবে ভিও গ্রান্ডিস, মডেল লুমা গ্রোথে ও প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪