ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি সুইজগেইটে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেগুনবাড়ি সুইজগেইট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।
নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন সুইজগেটের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং নিহত পরিচয় জানান চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম