| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১৫:২৭:৩৮:অপরাহ্ন  |  ৫৫৪ বার পঠিত
গাইবান্ধায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর বাজারে একটি মনোহারী দোকানে হামলা, ব্যবসায়ীকে মারধর, হত্যাচেষ্টা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে গাইবান্ধা থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী শ্রীমতি সুধা রানী।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে পূর্বের একটি কাপড় বিক্রির টাকা নিয়ে ব্যবসায়ী নয়ন চন্দ্র মহন্তের সঙ্গে শফিকুল ইসলাম ওরফে হাউদার কথা কাটাকাটি হয়। এ সময় শফিকুল ইসলাম ব্যবসায়ীকে মারধরের চেষ্টা ও পরে পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একই দিন রাত আনুমানিক ১১টার দিকে শফিকুল ইসলাম, বিপুল মিয়া, আরিফ মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজন লাঠি, লোহার রড ও শাবল নিয়ে দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা দোকানের ভেতরে প্রবেশ করে নয়ন চন্দ্র মহন্তকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে দাবি করা হয়, হামলাকারীরা লোহার রড ও শাবল দিয়ে নয়ন চন্দ্র মহন্তের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং এক চোখের দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে যায়। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানানো হয়। হামলাকারীরা তার দুই ছেলে লক্ষণ চন্দ্র মহন্ত ও রামচন্দ্র মহন্তকেও মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া দোকানের ক্যাশবাক্স থেকে দিনের বিক্রির ৪৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা নং-৩৭/৪৬১, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪