নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের স্বাস্থ্যসেবা, পুষ্টি ও পারিবারিক সহায়তা বিষয়ে সচেতনতা বাড়াতে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ফ্যামিলি হেলথ ফোরাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ফোরামের আয়োজন করা হয়। নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহযোগিতা করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। স্পিকার হিসেবে বক্তব্য দেন ডা. মো. আবু কাউছার সুমন ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের পুষ্টিবিদ সুমাইয়া সিরাজী।
অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ডিরেক্টর ও লায়ন্স ক্লাব অব ঢাকা ডিলিজেন্টের প্রেসিডেন্ট ডা. জাফর আহমেদ, ম্যানেজার (হেলথ) মোফাজ্জল হোসেন এবং বিভিন্ন পর্যায়ের কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।
ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিবারকে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নরসিংদীর নবকণ্ঠের প্রধান সম্পাদক শান্ত বণিক।
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত এ ফোরামে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম