বগুড়া প্রতিনিধি: গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বগুড়ায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বগুড়া সার্কিট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অপ-সাংবাদিকতা প্রতিরোধ, সাংবাদিকতার নৈতিকতা (এথিক্স) এবং সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক নিয়ে আলোচনা করেন। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বগুড়ায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ