বগুড়াপ্রতিনিধি: কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ সহায়তা দিতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং রাকাবের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন তহবিলের অন্যতম উদ্দেশ্য হলো চলতি মূলধনের সংকটে থাকা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে কম সুদে চলতি মূলধন ও ঋণ সহায়তা দেওয়া। এর ফলে এসব প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।
তহবিলের আওতায় অর্থায়নের মাধ্যমে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা, উৎপাদন ও সেবা কার্যক্রম সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ