| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপপুরের পারমাণবিক জ্বালানিবাহী রুশ বিমানকে আকাশসীমা ব্যবহারে বাধা দিল পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১৮:৩৭:৫৮:অপরাহ্ন  |  ৪১৭ বার পঠিত
রূপপুরের পারমাণবিক জ্বালানিবাহী রুশ বিমানকে আকাশসীমা ব্যবহারে বাধা দিল পাকিস্তান

আশিস গুপ্ত, নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশ নতুন করে হাত বাড়ালেও পেতে হলো বাস্তবতার কঠিন ধাক্কা। বাংলাদেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বহনকারী একটি রুশ বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি পাকিস্তান। 

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর এই জ্বালানির প্রথম চালান ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তীব্র জ্বালানি সংকটে ভোগা বাংলাদেশের জন্য এই রূপপুর প্রকল্প কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা রূপপুরের এই প্ল্যান্ট থেকে দ্রুত বাণিজ্যিক উৎপাদন শুরু করতে চাইছে ঢাকা, যাতে দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা যায়। এমন এক সংকটাপন্ন সময়ে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়া রূপপুরের জ্বালানি সরবরাহে বিলম্ব ঘটাতে পারে এবং কেন্দ্রটি চালু হওয়ার নির্দিষ্ট সময়সীমাকেও প্রভাবিত করতে পারে। রাশিয়াভিত্তিক রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা ‘রসেটম’রূপপুর প্রকল্প বাস্তবায়নে কাজ করছে এবং ইউরেনিয়াম পরিবহনের দায়িত্বও তাদের ওপর। 

বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান যে, ইসলামাবাদ এর কোনো স্পষ্ট কারণ জানায়নি। রুশ কার্গো বিমানটির আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান ও ভারতের আকাশসীমা পার হয়ে ঢাকায় অবতরণ করার কথা ছিল। 

তিনি জানান, পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তবে কেন তারা তা প্রত্যাখ্যান করল তা এখনো অজানা। বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একেবারে শেষ মুহূর্তে এই অনুমতি বাতিল করা হয়। বিমানবন্দরের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে যাওয়ার পর রসেটম থেকে আকাশসীমা না পাওয়ার বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তৌহিদুল ইসলাম। 

তবে রসেটম আশ্বস্ত করেছে যে প্রকল্পটিতে কোনো বড় প্রভাব পড়বে না এবং বাকি জ্বালানি সাতটি পৃথক কার্গো ফ্লাইটের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে। 

ঘটনাটির পেছনে "কারিগরি" এবং "পদ্ধতিগত সমস্যাকে" দায়ী করেছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে যে, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বিষয়টি কেবল কারিগরি দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা ঠিক হবে না। 

যদিও বাংলাদেশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে তুলেছে কি না তা স্পষ্ট নয়, তবে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তবে প্রতিমন্ত্রীর দাবি, বৈঠকে আকাশসীমা সংক্রান্ত এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪