| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১২:২০:৩৩:অপরাহ্ন  |  ৮২ বার পঠিত
যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে নতুন করে কোনো ‘যৌথ অভিযান’ পরিচালনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর ভবন নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সদস্যকে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে না তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে অপরাধের ধরন অনুযায়ী ফৌজদারি মামলাও করা হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এই মাসে কোনো অপশক্তিকে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরছে।

রাস্তা খনন ও নির্মাণকাজের কারণে যাতে দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি না হয়, সেজন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, পুরো রাস্তা একসঙ্গে কেটে কাজ না করে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করতে হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খনন করা অংশ পুনর্নির্মাণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। তাদের আর্থিক ও অন্যান্য পর্যায়ক্রমিক দাবি-দাওয়া পূরণে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। পাশাপাশি ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে রয়েছে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি।

নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় ফোর্স বলেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে নতুন অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হচ্ছে। সেখানে ডরমেটরি ও ব্যারাকে আনসার সদস্যদের থাকার জন্য প্রয়োজনীয় স্থান সংকুলানের ব্যবস্থা করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪