নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বাকীতে সিগারেট না দেয়ায় এক ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দিয়েছে সুমন নামে এক স্থানীয় যুবক।
বৃহস্পতিবার রাতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দোকানে বিভিন্ন মালামালেও আগুন ধরিয়ে দেয়া হয়। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ ব্যবসায়ী ইব্রাহীম খলিলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে অগ্নিদগ্ধ ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে দশটার দিকে অভিযুক্ত সুমন কেন্দুয়ার সাহিতপুর বাজারে ইব্রাহীমের মুদির দোকানে গিয়ে বাকীতে সিগারেট চাইলে ইব্রাহীম বাকী দিতে অস্বীকৃতি জানায়। পরে সুমন ব্যবসায়ীর প্রতি ক্ষুব্ধ হয়ে ব্যাবসীয় শরীর ও দোকানের মালামালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যবসায়ীর শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে যায় ও দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেফার করে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব