| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩ বছরের কিশোরী সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ২২:৫৫:৫২:অপরাহ্ন  |  ৫৮১ বার পঠিত
১৩ বছরের কিশোরী সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরী সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। তাকে দুই দফা ধর্ষণের অভিযোগে করা মামলায় উত্তম রায় (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মামলাটি হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উত্তম রায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। কিশোরী সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

কিশোরীর বাবা পহরু বর্মনের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরী বাড়ির প্রায় ৫০০ গজ দক্ষিণে নিজেদের ভুট্টাখেতে ঘাস কাটতে যায়। সেখানে উত্তম রায় তাকে পেছন থেকে ধরে মুখ চেপে ধরেন এবং হাতে থাকা কাস্তে গলায় ঠেকিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে কিশোরী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কিশোরী নিজেদের মরিচখেতে গেলে উত্তম রায় সেখানে ছিলেন। পরে হত্যার হুমকি দিয়ে তাকে পাশের একটি পাটখেতে নিয়ে আবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার পর কিশোরী বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। পরে তার শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে কিশোরীর বাবা ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর তাঁরা কিশোরীকে ঠাকুরগাঁওয়ের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। আল্ট্রাসনোগ্রামে কিশোরী ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।

পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শের কারণে থানায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে লিখিত এজাহার পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা নেয় পুলিশ। পরে মামলার আসামি উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলার আসামি উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে দুই দফা ধর্ষণের অভিযোগ করা হয়েছে। কিশোরীর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও মামলার সঙ্গে জমা দেওয়া হয়েছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪