| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ১৩:৪৩:০৫:অপরাহ্ন  |  ১৩৩৪ বার পঠিত
নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে এক যুবককে তিন দিন ধরে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদী। অভিযানে মো. রহিবুল ইসলাম রহিম (২৫) নামে ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপও উদ্ধার করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক ২টার দিকে মাধবদীর ভগীরথপুর এলাকায় আবুল কালামের বসতবাড়ির একটি ভবনে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুপুরে মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদী স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতাররা হলেন, মাধবদীর ধুনদলপাড়া এলাকার রইজ উদ্দিন মোল্লার ছেলে আবুল কালাম (৩২) এবং একই এলাকার হবি মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।

প্রেস রিলিজে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে মো. রবিউল আলম একটি পিকআপ ভাড়া করে ব্যবসার উদ্দেশ্যে থ্রি-পিসের মালামাল নিয়ে ঢাকার কামরাঙ্গীরচর থেকে নরসিংদীর মাধবদীর শেখেরচরের উদ্দেশে রওনা হন। পথে পিকআপে থাকা থ্রি-পিসের মালামাল চুরি হয়ে গেলে চালক মো. রকিবুল ইসলামকে এর জন্য দায়ী করা হয়। পরে মালামালের ক্ষতিপূরণ বাবদ তার কাছে ১ লাখ ২৩ হাজার টাকা দাবি করা হয়।

এ ঘটনায় বিষয়টি মীমাংসার জন্য রকিবুল ইসলামের ছোট ভাই মো. রহিবুল ইসলাম রহিম মাধবদীর শেখেরচর পণ্ডিত বাজারে এলে তাকে জামিনদার হিসেবে আবুল কালামের বাসায় আটকে রাখা হয়। পরে রকিবুল ইসলামকে ছেড়ে দেওয়া হলেও রহিবুল ইসলাম রহিমকে সেখানে আটকে রাখা হয়। প্রেস রিলিজ অনুযায়ী, এরপর গ্রেফতার দুই আসামিসহ ১৫ থেকে ১৬ জন মিলে তাকে তিন দিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করে।

একপর্যায়ে রহিবুল ইসলাম রহিমকে মুক্তি দিয়ে জীবিত ফেরত দেওয়ার শর্তে তার ভাই রকিবুল ইসলামের মোবাইল ফোনে কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার সংবাদ পাওয়ার পর এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদীর গোয়েন্দা দল তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক ২টার দিকে ভগীরথপুর এলাকায় আবুল কালামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রহিবুল ইসলাম রহিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং আবুল কালাম ও মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পিকআপটিও উদ্ধার করা হয়।

গ্রেফতার দুই আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪