| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষক নজরুল হত্যা: আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ০২:১৮:৫৩:পূর্বাহ্ন  |  ১৪৬ বার পঠিত
ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষক নজরুল হত্যা: আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত নজরুল ইসলাম খানের বড় মেয়ে রহিতা আক্তার, ছোট মেয়ে রুনা খাতুন, শামিম ওসমান, মেহেদী হাসান মাহফুজ, শাহরিয়ার রিয়াদ, তুরান হাসান, রিয়াদ মাহমুদসহ পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তাঁরা আগামী তিন দিনের মধ্যে জড়িত সবাইকে গ্রেপ্তার এবং আটক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

নিহত নজরুল ইসলামের মেয়ে রুনা খাতুন বলেন, তাঁর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এর জের ধরে তাঁর বাবাকে বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। পরে তাঁকে মারধর করে গুরুতর আহত করা হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

মানববন্ধন শেষে নিহতের পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। এতে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে নজরুল ইসলাম খান (৬০) নামে ওই কৃষকের ওপর হামলার ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, মেয়ের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে তাঁর ওপর হামলা চালানো হয়।

পরিবারের দাবি, হামলায় নজরুল ইসলাম খানের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা খাতুনও আহত হন। গুরুতর আহত নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন। মামলায় মো. তুহিন সরদার ও গোলাপী বেগমকে আসামি করা হয়েছে। এর মধ্যে গোলাপী বেগমকে আটক করেছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪