ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানায় নিজ পুত্রবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর স্বামী পাপ্পু দাস (২৮) বাদী হয়ে তাঁর বাবা লালু দাসের (৫০) বিরুদ্ধে এই মামলা করেন।
সোমবার (৫ অক্টোবর) মামলাটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রোববার (৪ অক্টোবর) সকাল আটটার দিকে পাপ্পু দাস পেশাগত কাজে বাজারে যান। এ সময় তাঁর স্ত্রী বাড়ির টিউবওয়েল পাড়ে হাত-মুখ ধুতে গেলে শ্বশুর লালু দাস পেছন থেকে জড়িয়ে ধরে তাঁকে নির্যাতন ও ধর্ষণ করেন। ভুক্তভোগী গৃহবধূ আত্মরক্ষার্থে শ্বশুরের হাতে কামড় দিয়ে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্বামী বাড়িতে ফিরলে ভুক্তভোগী বিষয়টি জানান।
বাদী পাপ্পু দাস বলেন, ‘যে বাবা আমার স্ত্রীকে নিজের সন্তানের মতো আগলে রাখার কথা, সে-ই তার ওপর এমন জঘন্য নির্যাতন করল। আমি এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ভুল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ভুক্তভোগীর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে আজ সোমবার মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব