| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৩:৪৪:৪৪:অপরাহ্ন  |  ৯১৮ বার পঠিত
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

রিপোর্টার্স২৪ ডেস্ক: শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ সুদহারের চাপে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে চলতি অক্টোবরে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত স্পট স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৭ দশমিক ৮৭ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম সামান্য পরিবর্তিত হয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৫ দশমিক ৩০ ডলারে অবস্থান করছিল।

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে যায়। এতে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হয়।

এর পাশাপাশি সোমবার যুক্তরাষ্ট্রের ১০ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বন্ডের সুদহার বাড়লে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারের মৌলিক ভিত্তি এখনও শক্তিশালী রয়েছে।

তার মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি স্বর্ণের দামের পরবর্তী বড় প্রভাবক হয়ে উঠতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশায় বড় ধরনের পরিবর্তন এলে স্বর্ণের দামে আবারও নতুন উত্থান দেখা যেতে পারে।

গত শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি বাজারের প্রত্যাশার তুলনায় বেশি কমেছে। একই সঙ্গে আগের দুই মাসের নন-ফার্ম পেরোলের হিসাবও নিম্নমুখী করে সংশোধন করা হয়েছে।

শ্রমবাজারের এই দুর্বল তথ্যের পর চলতি অক্টোবরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশা কমেছে। ফলে স্বর্ণের দামে চাপ তৈরি হলেও তা বড় ধরনের পতনে রূপ নেয়নি।

তবে ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনও ৮৭ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা। সিএমইর ফেডওয়াচ টুলে এই তথ্য উঠে এসেছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৬৪ ডলারে নেমেছে। একই হারে কমেছে প্লাটিনামের দামও। ধাতুটির দাম নেমে এসেছে প্রতি আউন্স ১ হাজার ৭০৯ দশমিক ৭৫ ডলারে।

প্যালাডিয়ামের দামও ০.৭ শতাংশ কমেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪