চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হলেও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার বসবাসের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/ধ্রুব