| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের দু’দিন পর ধলেশ্বরী নদীতে মিলল তরুণের লাশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ২১:৪৭:৩১:অপরাহ্ন  |  ৭৫৪ বার পঠিত
নিখোঁজের দু’দিন পর ধলেশ্বরী নদীতে মিলল তরুণের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর শিশির কুমার বীর (২০) নামে এক তরুণের মরদেহ মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। পরিবারের দাবি, শিশিরকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় মেট্রো সিমেন্ট কারখানার প্রায় ২০০ গজ দূর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল মাবুদ বলেন, স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শিশির নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকার প্রয়াত বিপ্লব বীরের ছেলে। পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি।

নিহতের বড় বোন শুভ্রা বীর বলেন, মঙ্গলবার রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান শিশির। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। শিশিরের ব্যবহৃত মুঠোফোনটি বাসাতেই পাওয়া যায়।

পরিবারের পক্ষ থেকে থানায় কোনো নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, মুক্তারপুর নৌ পুলিশ শিশিরের মরদেহ উদ্ধারের বিষয়টি জানালে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করেনি পরিবার।

শুভ্রা বীর জানান, শিশির ২০২৫ সালে সরকারি তোলারাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিশির বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, শিশিরকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মুক্তারপুর নৌ পুলিশের এসআই আব্দুল মাবুদ বলেন, তার শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে যোগ করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪