রিপোর্টার্স২৪ ডেস্ক: সারের লাইসেন্স দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি এই পোস্টটি দেন।
পোস্টে এমপি মাজেদ অভিযোগ করেন, সারের লাইসেন্স দেওয়ার নামে অনৈতিক লেনদেন ও আওয়ামীলীগের লোকদের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। সারের লাইসেন্স নিয়ে বিভিন্ন মানুষ টাকা দিতে চায়, আমি সেগুলো বাদ দিয়েছি। ঈশ্বরগঞ্জে এক টাকার অনৈতিক সুবিধা আমি নেই না, কোনদিন নিবোও না।
সরিসা ইউনিয়নে লাইসেন্স বণ্টনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরিসা ইউনিয়নে এমন লাইসেন্স যখন আমাদের ত্যাগি লোকের বাইরে যায় আর ফ্যাসিষ্টের লোক, টাকা নিয়ে ঘোরা লোভী মানুষ যখন সবাইকে ডিঙিয়ে লাইসেন্স পায়, তখন উপজেলা এবং জেলার সততা প্রশ্নবিদ্ধ হয়।
প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, আমার কাছে তার পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলার কারণ খুঁজে পাই। আমি সব জানি, এদের বিরুদ্ধে মুখ খুলতে চাই নাই। কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয় তা আমি জানি। যতক্ষণ এর অফিশিয়াল উত্তর না পাবো, ঈশ্বরগঞ্জে কেউ কোন মনোনীত লোক সারের লাইসেন্স নিবে না।
ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য আরও বলেন, আমাদের লোকেরা মামলা, হামলা খাবে আর আপনারা পয়সার বিনিময়ে সারের লাইসেন্স দিবেন তা হবে না। আমরা নিজের টাকায় থানায় গাড়ি কিনে দিবো, আর আপনারা ফ্যাসিষ্টকে সাপোর্ট করবেন তা হবে না।
পোস্টের শেষ অংশে প্রশাসনের শুদ্ধি অভিযানের দাবি জানিয়ে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু লিখেন, কিসের রাজনৈতিক নেতাদের শুদ্ধী করবেন, সবার আগে প্রশাসনের লোকদের অপারেশন ক্লিন হার্ট চালানো দরকার।
রিপোর্টার্স২৪/ঝুম