ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ই অক্টোবর) সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে ধর্মের নামে নারীদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তা ইসলামের শিক্ষা নয়। ইসলাম নারীদেরকে বন্দি করতে নয় বরং মুক্তি দিতে এসেছে। ইসলামের সোনালী যুগে নারীরা তাদের যোগ্যতা অনুসারে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি কাজে অংশগ্রহণ করেছেন বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরো বলেন, পশ্চিমা সভ্যতা নারীদের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। এই বস্তুবাদী সভ্যতা তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে আসছে। একমাত্র ইসলামের সঠিক আদর্শই পারে নারীর অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে, এমনটাই মন্তব্য করেন তারা।
হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা নারী সম্পাদক সামিয়া আক্তার ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপদেষ্টা খাদিজা খাতুন, বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, সাবেক বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নারীরা এসমময় স্বতস্ফূর্তভাবে সম্মেলনে অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব