| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচবিবিতে অটো ছিনতাই, চালককে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ২১:৪৫:৫৪:অপরাহ্ন  |  ১১৫৩ বার পঠিত
পাঁচবিবিতে অটো ছিনতাই, চালককে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন (২৭) নামে এক চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। হত্যার পর তাঁর ব্যবহৃত অটোটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশের নির্জন স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিদিনের মতো জীবিকার সন্ধানে নিজের ব্যাটারিচালিত অটো নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। রাতে কোনো একসময় পাথরঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহটি ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থানে ফেলে রেখে অটোটি নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।

বুধবার সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা ওই স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

একজন উপার্জনক্ষম মানুষকে এভাবে নৃশংস হত্যার ঘটনায় এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, ছিনতাই হওয়া অটো উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত, ছিনতাই হওয়া অটো উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪