| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ৪০২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ২২:৫২:২৫:অপরাহ্ন  |  ১২৭২ বার পঠিত
নাটোরে ৪০২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

নাটোর প্রতিনিধি: আর কয়েক দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে সামনে রেখে নাটোরের ৪০২টি পূজামণ্ডপে প্রতিমা তৈরি, রং করা, প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। প্রতিমাশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে দেবী দুর্গাকে পূজার জন্য প্রস্তুত করছেন। উৎসব শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করছে প্রশাসন।

প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় শেষ। এখন চলছে রং ও সাজসজ্জার কাজ। শিল্পীদের পাশাপাশি পরিবারের সদস্যরাও কাজে সহযোগিতা করছেন। প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচ বাড়লেও বংশপরম্পরায় চলে আসা এ পেশা ধরে রেখেছেন তারা। নাটোরের প্রতিমা বিভিন্ন এলাকার পাশাপাশি বগুড়া, শেরপুর, পাবনা ও রাজশাহীর তাহেরপুরেও পাঠানো হচ্ছে। প্রতিমার দাম ৪০ হাজার টাকা থেকে সোয়া দুই লাখ টাকা পর্যন্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

প্রতিমাশিল্পী সুকুমার পাল জানান, এবার তিনি আটটি প্রতিমা তৈরি করছেন। এর মধ্যে তিনটি নাটোরে এবং পাঁচটি জেলার বাইরে যাবে। আরেক শিল্পী নীল কুমার বলেন, উপকরণের দাম বাড়লেও সেই তুলনায় পারিশ্রমিক বাড়েনি। তবু ভালোবাসা ও পেশার প্রতি টান থেকেই কাজ করে যাচ্ছেন তারা। 

এবার নাটোরে দুটি মণ্ডপে ব্যতিক্রমী উপকরণ দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। শহরের উত্তর চৌকিরপাড় এলাকার ঐতিহাসিক শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে মাটির প্রতিমার গায়ে ভুট্টার দানা বসিয়ে সাজানো হয়েছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে। অন্যদিকে সদর উপজেলার হরিশপুরের শ্রীধরপুর ঘোষপাড়া মণ্ডপে প্রায় ৮৫ কেজি সাবুদানা দিয়ে প্রতিমা সাজানো হয়েছে। অভিনব এ শিল্পকর্ম দেখতে দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে।

জেলায় সবচেয়ে বেশি ৯৮টি পূজামণ্ডপ রয়েছে সিংড়া উপজেলায়। বাগাতিপাড়ায় পূজা হবে ৩০টি মণ্ডপে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ তালুকদার জানান, গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা ৩৪টি বেড়েছে। তিনি বলেন, পূজাকে ঘিরে নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন নন। স্থায়ী সিসিটিভির পাশাপাশি অস্থায়ী মণ্ডপগুলোতেও ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

জেলা প্রশাসন ও পুলিশ শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে রাজবাড়ী বড় তরফের শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক দল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে মোট আড়াই লাখ টাকা অনুদান দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে জেলা বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪